শীতের মরসুমে তন্দুরি চা-এ মজেছে উলুবেড়িয়া
দি নিউজ লায়ন ; লিকার,দুধ,লেবু চা এর পর এবারে তন্দুরি চা। কলকাতার বাসিন্দাদের কাছে তন্দুরি চা এর বিষয়টি নতুন না হলেও উলুবেড়িয়াবাসীর কাছে এই চা নতুন হওয়ায় শীতের শুরুতে এখন উলুবেড়িয়ার মানুষ মজেছে এই তন্দুরি চায়ে।আর নতুন এই চায়ের স্বাদ নিতে প্রতিদিন সন্ধ্যায় ভীড় বাড়ছে উলুবেড়িয়ায়।
১৬ নং জাতীয় সড়ক থেকে কয়েক মিনিট পথ পার হলেই পৌঁছে যাওয়া যাবে এই চায়ের ঠিকানায়। উলুবেড়িয়া পশ্চিম কেবিনের কাছে উড়ালপুলের নীচে এই তন্দুরি চায়ের ঠেক এখন চা প্রেমিকদের প্রানভোমরা। গনগনে আগুনে পুড়ছে বড় বড় মাটির ভাড়, সেই ভাড় লাল হয়ে গেলে তাতে ঢালা হচ্ছে গরম চা,পরে তাতে কাজুবাদাম,মাখন,কেশর মিলিয়ে পরিবেশন করা হচ্ছে।
আর কেশর মেশানো চায়ে চুমুক দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে উৎসাহী মানুষ। বিকেল ৩ টে থেকে রাত ১১ টা পর্যন্ত চলা এই চায়ের দোকানে ভীড় বাড়তে থাকায় ইতিমধ্যে দোকানের মালিক চালু করেছে কুপন।
দোকানের মালিক শেখ হাবিবুর আলি জানান ১০ টাকা থেকে ৪০ টাকার এই চায়ের স্বাদ নিতে দূর দূরান্তের মানুষ ভীড় জমাচ্ছে উড়ালপুলের নীচে।তার আশা শীতের এই মরসুমে আশেপাশের মানুষ নয় পর্যটন কেন্দ্রে পিকনিক করতে আসা মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই তন্দুরি চা এর দোকান।

Post a Comment